২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে ২০ জুলাই মুখোমুখি হবে স্পেন–আর্জেন্টিনা। এই মহারণের আগে প্রথমবার সংবাদমাধ্যমে কথা বলেছেন লিওনেল মেসি।
নিউইয়র্কে ফাইনাল সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।
সেখানে ফুটবলের প্রতি নিজের ভালোবাসা, চাপ সামলানোর মানসিকতা এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল‘কে নিয়ে কথা বলেন আর্জেন্টিনা অধিনায়ক।
মেসি বলেন, ‘ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে (বার্সেলোনা) খেলে, যেটিকে আমি ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেন সেটা এবার না হয়।’
শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা সেই বিখ্যাত ছবি নিয়েও কথা বলেন মেসি।
তিনি বলেন, ‘আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। জীবনে এমন ঘটনাও ঘটে! এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
মেসি আরও বলেন, ‘আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে।‘
চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে স্পেন। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে তাদের সঙ্গী হয় আর্জেন্টিনা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেন, ফাইনাল ম্যাচটি শুরু হবে ২০ জুলাই (সোমবার) বাংলাদেশ সময় রাত ১টায়।
এসএ