প্রযুক্তিনির্ভর বিশ্বে যেকোনো তথ্য জানতে মানুষের প্রথম ভরসা গুগল। তবে কখনো কখনো সার্চ রেজাল্ট এমন কিছু দেখায়, যা ব্যবহারকারীদের অবাক করে দেয়।
এবার গুগলে বাংলায় ‘৭ আপ খাওয়া দল’ কিংবা ইংরেজিতে ‘সেভেন আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে ফলাফলে দেখা যাচ্ছে ৫বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল বা ব্রাজিলের ম্যাচ–সংক্রান্ত তথ্য।
বিষয়টি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ফুটবলভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপ, ইউটিউব ভিডিও এবং টিকটকে এ নিয়ে চলছে নানা ধরনের ট্রল, মিম ও মন্তব্য।
তবে এর পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের একটি স্মরণীয় ম্যাচ। ২০১৪ সালের ৮ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল– জার্মানি। বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে জার্মানি ৭–১ গোলের বিশাল ব্যবধানে ব্রাজিলকে হারায়।
এই হারের পর থেকেই ফুটবল সমর্থকদের মধ্যে ব্রাজিলকে ব্যঙ্গ করে ‘৭–১’ কিংবা ‘৭ আপ’ নামে ডাকাডাকি শুরু হয়। কোমল পানীয় ‘সেভেন আপ’–এর নামের সঙ্গে ‘৭’ সংখ্যার মিল থেকেই এই ট্রলের জন্ম। সময়ের সঙ্গে বড় কোনো টুর্নামেন্ট এলেই সামাজিক মাধ্যমে ব্রাজিলকে ঘিরে ‘৭ আপ’ ট্রল নতুন করে ছড়িয়ে পড়ে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল নিজে থেকে কোনো ফুটবল দলকে এমন নামে চিহ্নিত করে না। বরং দীর্ঘদিন ধরে ইন্টারনেটে অসংখ্য পোস্ট, মিম, ভিডিও, ব্লগ ও সার্চে একই ধরনের শব্দ ব্যবহার হওয়ায় গুগলের অ্যালগরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক শনাক্ত করতে শুরু করেছে। ফলে ‘৭ আপ খাওয়া দল’ লিখে সার্চ করলে অনেকের কাছে ব্রাজিল বা ব্রাজিল–জার্মানি ম্যাচের তথ্য দেখা যেতে পারে।
তবে এই সার্চ ফলাফল সবার ক্ষেত্রে এক রকম নাও হতে পারে। ব্যবহারকারীর অবস্থান, ভাষা, সার্চ হিস্ট্রি, ডিভাইস এবং গুগলের চলমান ট্রেন্ড অনুযায়ী ফলাফলে ভিন্নতা দেখা দিতে পারে।
মনে রাখা জরুরি, ‘সেভেন আপ’ ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোনো আনুষ্ঠানিক নাম নয়। ফিফা, গুগল বা অন্য কোনো সংস্থা এ ধরনের কোনো স্বীকৃতি দেয়নি।
এটি কেবল ২০১৪ সালের ঐতিহাসিক ৭–১ গোলের পরাজয়কে ঘিরে ফুটবল সমর্থকদের তৈরি একটি ব্যঙ্গাত্মক ট্রল, যা সময়ের সঙ্গে ইন্টারনেটে এত বেশি ব্যবহৃত হয়েছে যে, গুগল সার্চ অ্যালগরিদমও সেটিকে নির্দিষ্ট প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে দেখাতে শুরু করেছে।
এসএ