কখনও কখনও একটি জয় শুধু স্কোরলাইনে সীমাবদ্ধ থাকে না, ছুঁয়ে যায় পরিবার ও প্রিয়জনের হৃদয়ও। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর যেমন আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। স্বামীর লড়াকু জয় উদযাপন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভাগ করে নিয়েছেন ভালোবাসা আর গর্বের অনুভূতি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে টানা তিন গোল করে ৩–২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। এই জয়ে কোয়ার্টার–ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে জয় নিশ্চিত হওয়ার পর আবেগে ভেসে যান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। সেই আবেগঘন মুহূর্তের প্রতিধ্বনি শোনা যায় তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও।
নিজের ইনস্টাগ্রামে আন্তোনেলা লিখেছেন, ‘চলো আর্জেন্টিনা! লিও, তোমাকে নিয়ে বলার মতো আর কোনো শব্দ নেই।‘ সংক্ষিপ্ত এই বার্তাতেই ফুটে ওঠে স্বামীর পারফরম্যান্স ও দলের দুর্দান্ত লড়াই নিয়ে তার গর্ব এবং আনন্দ।
আটলান্টার গ্যালারিতে বসে পুরো ম্যাচ উপভোগ করেন আন্তোনেলা। তার সঙ্গে ছিলেন মেসির তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো। বাবার জাদুকরী প্রত্যাবর্তনের সাক্ষী হয় পুরো পরিবার।
ম্যাচ শেষে পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন আন্তোনেলা। ছবিতে দেখা যায়, চারজনই আর্জেন্টিনার হোম জার্সি পরে রয়েছেন। সবার জার্সির পেছনেই ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর। এছাড়া ভিআইপি বক্সে তোলা কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি। সেখানে তার জার্সির পেছনে লেখা ছিল ‘মেসি’ নাম।
ফুটবল বিশ্বের অন্যতম পরিচিত দম্পতি মেসি ও আন্তোনেলা। ছোটবেলার বন্ধু থেকে জীবনসঙ্গী হওয়া এই সম্পর্কের গল্প বহুবার অনুপ্রেরণা জুগিয়েছে ভক্তদের। একসময় দন্তচিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও পরবর্তীতে সেই পথ বদলে মেসির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে থেকেছেন আন্তোনেলা।
বার্সেলোনায় মেসির সাফল্যের দিনগুলো, পরে প্যারিস সেন্ট জার্মেই এবং বর্তমানে ইন্টার মিয়ামিতে তার নতুন অধ্যায় সব জায়গাতেই পরিবারের সবচেয়ে বড় শক্তি হয়ে থেকেছেন আন্তোনেলা। মাঠের বাইরে নীরব সমর্থন আর ভালোবাসা দিয়ে তিনি সবসময়ই মেসির পাশে রয়েছেন। সূত্র: ঢাকা মেইল।