ইতিহাসই বদলে ফেলল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে অবিশ্বাস্য এক জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের সপ্তম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসিরা।
তবে ম্যাচ শেষে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, তাদের কাছ থেকে আজকের ম্যাচটি কারচুপি করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এছাড়া নিজেদের ব্যবসার জন্য আর্জেন্টিনা ও মেসিকে ফিফা রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
হোসাম হাসান ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে বলেন, “নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনার জয়ই চেয়েছে তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন?”
তিনি আরও বলেছেন, “ম্যাচটি সম্পূর্ণ কারচুপি ছিল। পুরো বিশ্ব এটি দেখেছে। আমরা আর্জেন্টিনার চেয়ে ভালো ছিলাম। ফুটবল ফেয়ার নয়।”
ম্যাচের শেষ দিকে মিশর একটি পেনাল্টি পেয়েছিল দাবি করে কোচ বলেছেন, “আমরা স্পষ্ট পেনাল্টি পেয়েছিলাম। কিন্তু রেফারি এটি দেয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে জিকোর গোলটি বাতিল করা হয়। যদিও এটি সম্পূর্ণ বৈধ ছিল।”
বিশ্বকাপের বাকী ম্যাচগুলো বয়কট করবেন জানিয়ে হোসাম হাসান আরও বলেন, “প্রতিবাদের অংশ হিসেবে আমি এ বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখা বয়কট করব। যদি ন্যায্যতা থাকে, আমি আমার খেলোয়াড়দের বলেছি আমরা বিশ্বের সবচেয়ে বড় দলের বিপক্ষে লড়তে পারব।”