আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ডের হাতছানি থাকবে না সেটি যেন সমর্থকদের বিশ্বাস করা কঠিন। তাইতো ধারাভাষ্যকাররা প্রায়ই বলে থাকেন, মেসি মাঠে নামা মানেই রেকর্ড। চলতি বিশ্বকাপে তার প্রমাণও দিয়ে যাচ্ছেন এলএমটেন।
ফিফা বিশ্বকাপে নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে দাড়িয়ে মেসি । শেষ ১৬–র ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করতে পারলেই ফুটবল ইতিহাসের অভিজাত এক ক্লাবে প্রবেশ করবেন মেসি।
মিশরের বিপক্ষে জাল খুঁজে পেলে মেসি হবেন বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড়, যিনি টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখাবেন।
এর আগে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন কেবল জাস্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮), জাইরজিনহো (ব্রাজিল, ১৯৭০), গের্ড মুলার (জার্মানি, ১৯৭০), রিভালদো (ব্রাজিল, ২০০২) এবং হামেস রদ্রিগেস (কলম্বিয়া, ২০১৪)।
নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে প্রতিটি ম্যাচেই গোল করেছেন। চলতি বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হলান্ড প্রত্যেকেই ৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে আছেন। ৬ গোল নিয়ে তাদের ঠিক পেছনেই আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন।
আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনা–মিশরের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
এসএ