সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধন করে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের জামায়াতের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংসদকে সমাজকল্যাণমন্ত্রী জানান, সংশ্লিষ্ট অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩ সংশোধনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটি যুগোপযোগী করতে এবং এর কার্যকারিতা বাড়াতে সংশোধিত আইনে শাস্তির মেয়াদ, জরিমানা ও কারাদণ্ডের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা রাখা হবে।

এদিকে একই অধিবেশনে দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণে অতীতের রাজনৈতিক বিবেচনা ও নানা অনিয়মের অভিযোগের বিষয়েও কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

নওগাঁ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করে বলেন, বিগত বছরগুলোতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা ও অনিয়মের বিভিন্ন অভিযোগ রয়েছে। বর্তমানে এসব অভিযোগের বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে।

মন্ত্রী আরও জানান, প্রকৃত দুস্থ, অসচ্ছল ও যোগ্য ব্যক্তিদের ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করতে এবং ভুয়া কিংবা অযোগ্য সুবিধাভোগীদের বাদ দিতে এরইমধ্যে দেশব্যাপী একটি শুদ্ধি অভিযান শুরু হয়েছে। এই লক্ষ্যে ভাতাভোগীদের বর্তমান তালিকা পুনরায় যাচাই করার জন্য গত ১৯ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা মাঠপর্যায়ে যাচাইবাছাইয়ের কাজ করছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More