গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রবিবার (২৮ জুন) জর্ডানের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টেক্সাসের ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টা মিনিটে ম্যাচটি শুরু হবে।
আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি মূলত শেষ ৩২–এর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ।
দলটির কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে জানিয়েছেন, রবিবার ডালাসে জর্ডানের বিপক্ষে তৃতীয় ম্যাচে তিনি দলের অনেক রিজার্ভ খেলোয়াড়কে মাঠে নামাবেন।
স্কালোনি বলছিলেন, ‘আমাদের পরিকল্পনা হলো দলের বেশিরভাগ খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়া। এই ছেলেদের সেটা প্রাপ্য।‘ ক্রিস্টিয়ান রোমেরো নিশ্চিতভাবেই জর্ডানের বিপক্ষে থাকছেন না। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরীক্ষার পরই বোঝা যাবে মূল একাদশের এই ডিফেন্ডারের চোট কতটা গুরুতর।
একাদশের বাইরে থাকা আরেকজন হতে পারেন লিওনেল মেসি। বুধবারই ৩৯ বছরে পা রাখা আর্জেন্টাইন অধিনায়ক অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন। অবশ্য দুর্বল ও ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া জর্ডানের বিপক্ষে আরও কয়েকটি গোল করার সুযোগ হাতছাড়া করতে না চাইলে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।
এই ম্যাচে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে কিলিয়ান এমবাপের বিপক্ষে ব্যবধান বাড়ানোর সুযোগও রয়েছে তার সামনে। চলতি বিশ্বকাপে পাঁচ গোল করার ফলে মেসির মোট বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৮। অন্যদিকে চলতি বিশ্বকাপে চার গোল করা এমবাপে ১৬ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে।