মেক্সিকোর জুলিয়ান কুইনোনেস ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম গোলটি করেছেন। মেক্সিকো সিটির এস্তাদিও আজটেকায় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২–০ গোলে জয়ের ম্যাচটিতে প্রথম গোলটি ছিল কুইনোনেসের।
২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ৯ মিনিটে শক্তিশালী শটে দক্ষিণ আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করলে মেক্সিকো এগিয়ে যায়।
২০০৬ সালের পর এটি বিশ্বকাপের দ্রুততম প্রথম গোল। ঐ আসরে জার্মানীর ফিলিপ লাহম ছয় মিনিটে কোস্টা রিকার বিপক্ষে গোল করেছিলেন।
কলম্বিয়ায় জন্ম নেয়া ২৯ বর্ষী মেক্সিকান এ উইঙ্গার বর্তমানে সৌদি আরবের ক্লাব আল–কাদসিয়াহর হয়ে খেলেন। এক দশকেরও বেশি সময় আগে মেক্সিকোর ক্লাব টাইগ্রেস ইউএএনএলে যোগ দেয়ার মাধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন। পরে ভেনাদোস, লোবোস বিইউএপি ও অ্যাটলাস এফসি খেলেন। অ্যাটলাসের হয়ে ৫৫ ম্যাচে ২৭ গোল করে নজর কাড়ার পর তিনি যোগ দেন মেক্সিকোর অন্যতম সফল দল ক্লাব আমেরিকাতে।
ক্লাব আমেরিকার জার্সিতে ৫১ ম্যাচে ১৮ গোলের পর প্রায় ২২.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে সৌদি ক্লাব আল–কাদসিয়াহতে নাম লেখান কুইনোনেস। সেখানে নিজের প্রথম মৌসুমেই ২৮ ম্যাচে ২০ গোল ও ৫ অ্যাসিস্ট করেন।
চলতি মৌসুমে তার পারফরম্যান্স ছিল আরও দুর্দান্ত। ৩১ ম্যাচে ৩৩ গোল ও ৪ অ্যাসিস্ট করে তিনি সৌদি প্রো লিগে জেতেন গোল্ডেন বুট। এই দৌড়ে পেছনে ফেলেন ইভান টনি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকাদের।
মেক্সিকোর জার্সিতে এপর্যন্ত ২৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কুইনোনেস। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে করা গোলটি ছিল জাতীয় দলের হয়ে তার তৃতীয় গোল।