রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রবিবার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু রামিসা‘কে ধর্ষণ এবং হত্যার পর আসামিকে ৭ ঘণ্টার ভেতরে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সেই ১৬৪–এর স্টেটমেন্টে সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসেছে; তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, আমরা খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ টেস্ট করিয়েছি। সেই টেস্ট ৩ দিনের সময় লাগে, তিনদিনের মধ্যে সেটা সমাপ্ত হয়েছে। রিপোর্ট কালকে বিকালে জমা হয়েছে। পোস্টমর্টাম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই।
তিনি আরও বলেন, এগুলো সব একসঙ্গে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কাল রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে আদালতে সেটা সোপর্দ করা হবে, হয়তো ইতোমধ্যে হয়ে গেছে। আদালত এর মধ্যে ছুটিতে যাবে আপনারা অনেকে জানেন। কিন্তু এই বিশেষ আদালতের ছুটি চিফ জাস্টিস বাতিল করার চিন্তা করছেন; এখনো হয়েছে কি না আমি জানি না, এটা আইন মন্ত্রণালয় ডিল করছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলা ডিল করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবেই এবং খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভেতরে এই বিচার কার্য সমাপ্ত হবে।
তিনি জানান, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এসব ক্ষেত্রে দ্রুত আসামিদের যাতে গ্রেপ্তার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এসএ