শুক্রবার, মে ২২, ২০২৬
শুক্রবার, মে ২২, ২০২৬

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুইটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম ঘটনায় আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি এই এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশন করছিলেন হৃদয়। এ সময় পানি না আসায় তিনি বৈদ্যুতিক মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একইদিন সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মো. আশরাফ আলী (২৭) নামের আরেক যুবকের মৃত্যু হয়। নিহত আশরাফ আলী ওই গ্রামের মৃত আলীহিম বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে লেগে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More