মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

মৌসুম শেষে সিটি ছাড়ছেন গার্দিওলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, পেপ গার্দিওলা মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সাথে এক দশকের অধ্যায়ের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। ৫৫ বছর বয়সী গার্দিওলা ২০১৬ সালে ইংল্যান্ডে আসার পর থেকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ক্লাবটির প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২০টি ট্রফি জিতেছেন।

এই মৌসুমে তিনি আরও একটি শিরোপা যোগ করতে পারেন, যদি সিটি তাদের শেষ দুই ম্যাচে বোর্নমাউথ ও এ্যাস্টন ভিলাকে হারায় এবং আর্সেনার শেষ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় না পায়।

ডেইলি মেইল ও দ্য অ্যাথলেটিক জানিয়েছে, অ্যাস্টন ভিলার বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামের ম্যাচের পর গার্দিওলা দায়িত্ব ছাড়বেন। এ বিষয়ে ম্যানচেস্টার সিটি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে ক্লাবটি সোমবার ম্যানচেস্টার শহরে একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে, যেখানে তারা এই মৌসুমে জেতা লীগ কাপ ও এফএ কাপ উদযাপন করেছে। এটি গার্দিওলার বিদায়ী অনুষ্ঠান হিসেবেও দেখা হতে পারে।

চেলসির সাবেক কোচ এনজো মারেসকা যিনি আগে গার্দিওলার কোচিং স্টাফে কাজ করেছেন, আগামী মৌসুমে তার উত্তরসূরি হতে পারেন বলে জানা গেছে।

গার্দিওলার চুক্তির এখনও এক বছর বাকি আছে, তবে মৌসুম শেষে তার বিদায়ের গুঞ্জন কয়েক মাস ধরেই চলছিল। ২০২৪২৫ মৌসুমে সাত বছরের মধ্যে প্রথমবার ট্রফিহীন থাকার পর পুনরুজ্জীবিত সিটি আবার ঘুরে দাঁড়িয়েছে।

শনিবারের এফএ কাপ ফাইনালে চেলসিকে হারিয়ে তারা ঘরোয়া দুই কাপ জয়ের কৃতিত্ব অর্জন করে এবং এখনও নয় বছরের মধ্যে সপ্তম লিগ শিরোপা জয়ের সুযোগ রয়েছে।

গার্দিওলা ইংল্যান্ডে আসার আগেই ইউরোপের অন্যতম সফল কোচ হিসেবে পরিচিত ছিলেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত শৈশবের ক্লাব বার্সেলোনায় তার চার বছরের মেয়াদ বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায়। ওই সময়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জেতেন।

পরে বায়ার্ন মিউনিখে তিন মৌসুমে আরও তিনটি লিগ শিরোপা যোগ করেন। সিটিতে আসার সময়ও ধারণা ছিল, তার মেয়াদ হয়তো খুব দীর্ঘ হবে না। কিন্তু গত ১০ বছরে তার প্রভাব ইংলিশ ফুটবলকে সব স্তরে বদলে দিয়েছে। আবুধাবির রাজপরিবারের বিপুল আর্থিক সমর্থনে সিটি স্থানীয় প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের ছায়া থেকে বেরিয়ে এসে ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী দলে পরিণত হয়েছে।

গার্দিওলার ছোট ছোট পাসভিত্তিক ফুটবল কৌশল এখন তৃণমূল থেকে শুরু করে শীর্ষ পর্যায় পর্যন্ত অনুসরণ করা হয়। এমনকি প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোও তার শিষ্যদের নিয়োগ দিয়ে সিটির সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেছে। গার্দিওলার সাবেক সহকারী মিকেল আর্তেতার অধীনে আর্সেনাল ২২ বছরের মধ্যে প্রথম লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছেছে।

লিভারপুল বস আর্নে স্লট বলেছেন, গার্দিওলার বার্সেলোনা দল দেখে তার কোচিং দর্শন গড়ে উঠেছে। আর নতুন চেলসি কোচ জাবি আলোনসো খেলোয়াড়ি জীবনের শেষ দিকে বায়ার্নে যোগ দিয়েছিলেন গার্দিওলার অধীনে কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য।

গার্দিওলার বিদায়ের সময়টি এমন এক মুহূর্তে এসেছে, যখন সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের শতাধিক অভিযোগের তদন্তের ফল এখনও প্রকাশ হয়নি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ প্রথম অভিযোগ আনে। স্বাধীন কমিশনের শুনানি ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হলেও মামলাটি তখন থেকেই সিটির মাঠের সাফল্যের ওপর ছায়া ফেলে রেখেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More