‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল রবিবার (১০ মে) থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী পুলিশ সপ্তাহ–২০২৬।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে পদক বিতরণ করবেন। পুলিশ সপ্তাহের এ আয়োজন চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
এবার বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ–পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নিবেন।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দিবেন প্রধানমন্ত্রী।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বিদেশি কূটনীতিক, অতিরিক্ত আইজিপি, সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এসএ