বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার আশঙ্কা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সারাদেশে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

সারাদেশে শুরু হওয়া ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে দেশের উত্তরপূর্বাঞ্চলের পাঁচ জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে।

এছাড়া পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলেও দ্রুত বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মূলত দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টির কারণেই নদনদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলায় ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ধারা আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

রাজধানীতেও বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি অব্যাহত থাকায় জনজীবনে কিছুটা স্থবিরতা নেমে এসেছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলো হলো ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদীই নেত্রকোনা জেলার ওপর দিয়ে বয়ে গেছে। এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় এক থেকে দেড় মিটারের বেশি বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অঞ্চলের নদীগুলো আকারে ছোট হওয়ায় ভারী বৃষ্টিতে দ্রুত পানি বেড়ে গিয়ে বন্যার সৃষ্টি হয়। তবে বৃষ্টির তীব্রতা কমে এলে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More