ভোলার আলোচিত জামায়াতকর্মী বিবি সাওদা সুমির (৩৭) জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
জামায়াতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (৫ এপ্রিল) রাতে ভোলা সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরে সোমবার তাকে জেলহাজতে পাঠানো হয়। বিবি সাওদা সুমি ওই এলাকার আব্দুল হালিম বাবুলের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিবি সাওদা সুমি তার ফেসবুক আইডিতে রাষ্ট্র এবং সরকারবিরোধী বিভিন্ন পোস্ট করে আসছিলেন। সম্প্রতি ইরান থেকে তেল আমদানির বিষয়ে ভারত ও সরকারকে জড়িয়ে একটি পোস্ট দেন তিনি। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সুমি স্বীকার করেছেন যে, ফেসবুকের ভিউ বৃদ্ধির উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে পোস্ট দিতেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মোবাইল ফোনের তথ্য তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যাচাই করা সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছিল। এজাহারে তার বিরুদ্ধে ‘সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়।
মঙ্গলবার দুপুরে আদালতে পুনরায় জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।