আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি।
বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এল. এল. এম. ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা–গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।
আইনমন্ত্রী বলেন, আগামীকাল বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। আগামী দিন বাংলাদেশের মানুষের মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব হাতে নিয়েছি, আল্লাহ যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দান করেন। বাংলাদেশের মানুষের জানমাল হেফাজতের তৌফিক দান করেন। সেই প্রত্যাশা রেখে, সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদেরকে আমাদের স্বপ্নের সারথি হিসেবে প্রত্যাশা করছি।