যশোর জেলার চৌগাছা উপজেলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে চৌগাছা–যশোর সড়কের ‘চাঁন্দাআফরা মোড়‘ এলাকায় জামেনুর হাফিজিয়া মাদ্রাসা সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির রিপন (৪৫) চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
নিহতের চাচাশ্বশুর চৌগাছা পৌরসভা কর্মকর্তা শাহিনুর রহমান জানান, বিকালে ছুটি নিয়ে (পাসআউট) রিপন নিজ মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। চাঁন্দাআফরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, অন্য মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। তারা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
চৌগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্ট সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ নিয়ে গেছে।
এসএ