বগুড়ার গাবতলীর বাগবাড়ী এলাকার ‘জিয়া বাড়ি‘। যে বাড়ির সন্তান জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও দেশের রাষ্ট্রপতি, তার স্ত্রী ছিলেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী। এবার সেই দম্পতির সন্তান তারেক রহমানই হলেন দেশের প্রধানমন্ত্রী
বগুড়ার গাবতলীর জিয়া বাড়ী’ শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নীরব সাক্ষী। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তার নেতৃত্ব, সাহসিকতা এবং স্বাধীনতার আহ্বান জাতিকে অনুপ্রাণিত করেছিল এক ঐতিহাসিক সংগ্রামে। তার সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে নেতৃত্ব দিয়েছেন দেশকে বহু গুরুত্বপূর্ণ সময়ে।
আজ ইতিহাস যেন নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই দম্পতির সন্তান তারেক রহমান হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
বাগবাড়ীর সেই মাটির পথ, সবুজ গাছপালা আর নিভৃত পরিবেশ—সেখান থেকেই শুরু হয়েছিল এক রাজনৈতিক বংশের যাত্রা। স্বাধীনতার ঘোষণা থেকে রাষ্ট্র পরিচালনা— গণতান্ত্রিক আন্দোলন থেকে জাতীয় নেতৃত্ব— এক পরিবারের ইতিহাস আজ বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজনীতির চড়াই–উতরাই, সংগ্রাম, কারাবরণ, আন্দোলন সব পেরিয়ে আজ নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব।
স্থানীয়দের কাছে এটি শুধু একটি বাড়ি নয় এটি গর্বের প্রতীক। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই বাড়ি থেকে দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছানো তাদের জন্য গৌরবের বিষয়। তাদের আশা, নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও সুসংহত করবে।
বাগবাড়ীর এই ‘জিয়া বাড়ী’ যেখানে একসময় একটি শিশুর স্বপ্নের শুরু, সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজ আরেকটি নতুন অধ্যায় রচিত। ইতিহাসের চাকা ঘুরে আবারও সেই পরিবারের হাতেই দেশের নেতৃত্ব। সময়ই বলবে এই অধ্যায় কতটা পরিবর্তন আনবে বাংলাদেশের ভবিষ্যতে।