রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বগুড়ায় পরিবহন ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, এলাকায় আতঙ্ক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়ায় পরিবহন ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে নিজ বাড়ির সামনে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এর মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলাম বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন। শনিবার রাত ৮ টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার শেষবার মুঠোফোনে কথা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে গাবতলীর একটি ফিলিং স্টেশনে ট্রাক রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। প্রতিদিন গভীর রাতে কাজ শেষে বাড়ি ফেরায় পরিবারের সদস্যদের মনে কোনো সন্দেহ জাগেনি। রোববার সকালে স্থানীয়দের হৈচৈ শুনে বাইরে এসে তারা সাইফুলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পরিবারের সদস্যদের ধারণা, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, নিহতের পকেট থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ফলে প্রাথমিকভাবে এটি ছিনতাই নয় বলে ধারণা করছে পুলিশ। পূর্বশত্রুতার জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত তিন দিনে বগুড়ায় এটি তৃতীয় হত্যাকাণ্ড। এরআগে গত শুক্রবার সকালে শহরের নিশিন্দারা এলাকায় আলিফ নামের এক কিশেরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এদিকে গত শনিবার শহরের মাটিডালী এলাকায় ফাহিম নামপর এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় বগুড়া জেলা জুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ববিন রহমান

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More