আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে ছুটি না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বাংলাদেশ পুলিশ সদস্য মেহেদি হাসান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে মেহেদি লিখেন, ‘ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল’।
পোস্টে তিনি আরও লিখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ পুলিশ, আমি না থাকলে নির্বাচন আটকে যেতো!! কী জবাব দিবো বউকে??’
এর প্রায় ১ ঘণ্টা পর দেয়া আরেকটি স্ট্যাটাসে পুলিশ সদস্য মেহেদি হাসান লিখেন, ‘আমার বউটা এখনো জানে না যে তার কলিজার টুকরাটা আর পৃথিবীতে নেই! ডাক্তার বলতে বারণ করেছে! বাবুর জন্য কেনা জিনিসগুলো কী করবো বলতে পারেন?’
তিনি আরও লিখেন, ‘আমার আবার কালকে নাইট ডিউটি আছে। আমার ছেলের লাশটা এম্বুলেন্সে করে কেউ আমার কাছে পৌঁছে দিতে পারবেন? গরীব মানুষের সন্তান আমি, চাকরিটা খুব দরকার। আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য, সন্তান মারা গেলেও ছুটি যাই না আমি।’
উল্লেখ্য, মেহেদি হাসান ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ–এ যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহ।
এসএ