বাংলাদেশ–যুক্তরাষ্ট্র এয়ারফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’ শুরু হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়া চলবে ৭ দিন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ উপলক্ষ্যে শনিবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া উদ্বোধন ঘোষণা করেন জহুরুল হক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।

আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’ মূলত মেডিভ্যাক (উদ্ধার অভিযান) সমন্বয়, বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি–উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা কার্যক্রম, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট (CRRC), জঙ্গল সারভাইভাল ও দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধ (HA/DR) এর উদ্দেশ্যে বিভিন্ন ধরণের অনুশীলন করা হবে।

এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি–১৩০জে পরিবহন বিমান, একটি এম আই–১৭ হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি–১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে। অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩ এ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী সদস্যরাও উক্ত মহড়ায় যোগ দিয়েছেন।

আইএসপিআর আরও জানায়, এই মহড়া দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও চিকিৎসা, প্রকৌশল ও লজিস্টিক বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থানীয় জনগণকে সেবা প্রদানের মাধ্যমে পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক–এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More