দীপ্ত নিউজ
রাজনীতি

দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেন না: সালাহউদ্দিন

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝেন না: সালাহউদ্দিন

বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি।

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে।

তিনি আরও বলেন, যারা পিআর নির্বাচনের কথা বলে, তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।

বিএনপির এ নেতা বলেন, সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে। নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

তিনি আরও বলেন, ‘চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।’

সমাবেশে ঢাকা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।