
যমুনা সেতু: ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঘরমুখো হচ্ছে মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৯ যানবাহন পারাপার হয়েছে আর ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিস নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (৩ জুন) রাত ১২টা থেকে বুধবার (৪ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৮৪৯ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে। যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এসএ








