শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং
বামপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং।

অবশেষে নতুন প্রেসিডেন্ট পেল দক্ষিণ কোরিয়া। এর মধ্য দিয়ে গত কয়েক মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও সংকটের অবসান হলো।

দেশটির রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু-কে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছেন বামপন্থী প্রার্থী লি জে-মিয়ং। মঙ্গলবার (৩ জুন) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। সিউল থেকে এএফপি এ খবর জানায়।

ঘোষিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, মোট ব্যালটের ৯৬ দশমিক ৭৪ শতাংশ গণনা শেষ। তবে প্রাপ্ত ফলাফলে কিম মুন-সুর পক্ষে লি জে-মিয়ংকে পরাজিত করার মতো পর্যাপ্ত ভোট পাওয়া গাণিতিকভাবে অসম্ভব।

দুই দশকের মধ্যে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জনগণের গভীর আগ্রহের ইঙ্গিত দেয়। সাবেক প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলের সামরিক আইন জারির ঠিক ছয় মাস পর এই নির্বাচন অনুষ্ঠিত হলো।

এর আগে এদিন সন্ধ্যায় এক্সিট পোলে বামপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জে-মিয়ং ৫১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন বলে দেখানো হয়েছে। অন্যদিকে রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির (পিপিপি) প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু ৩৯ দশমিক ৩ শতাংশ ভোট পাওয়ার কথা বলা হয়েছে।

বুথ ফেরত ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে লি-এর শত শত সমর্থক উল্লাসে ফেটে পড়ে। পার্লামেন্টের অভ্যন্তরে বসে থাকা দলীয় কর্মকর্তারা ‘লি জে-মিয়ং’ বলে স্লোগান দিতে শুরু করেন।

কয়েক সপ্তাহ ধরে দেশটির জরিপগুলোতে কিমের (ইয়ুনের শ্রমমন্ত্রী) চেয়ে অনেক এগিয়ে ছিল লি। কিম তার দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে সংগ্রামে ব্যস্ত ছিলেন।

নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ। কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলের দিকে প্রায় ৭৭ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা প্রায় দুই দশকের মধ্যে সর্বোচ্চ। রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা শুরু হয়।

বুধবার সকালেই দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন লি জে-মিয়ং। তবে নবনির্বাচিত সরকার প্রধানকে বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।