
গাজায় ইসরায়েলি বিমান হামলা, একদিনে নিহত আরও ৮৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় আরও অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত চালানো এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে, “অনেকে ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত ও আহতের হিসেব সংক্রান্ত গণনাতেও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।”
ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবার অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
এসএ







