ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে, এরপরে যাবে না বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সর্বোচ্চ দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হবে জানিয়ে শফিকুল আলম বলেন, যদি তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথের জন্য ডাকা হয়, তবে হস্তান্তর ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারির মধ্যে হতে পারে। এটি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর দ্রুত করা হবে। তিনি বলেন, ক্ষমতা ১৮০ কার্যদিবস ধরে রাখা হবে– এমন অপপ্রচারের কোনো ভিত্তি নেই।