দেশে শিশুদের নিয়মিত টিকাদানের ক্ষেত্রে ‘ইমিউনিটি গ্যাপ’ বা রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতির কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এর সংক্রমণ ছড়িয়েছে দেশের সব জেলায়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে চলতি মাসের প্রথম দিনে দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬৮৫ জন। তবে একই সময়ে নিশ্চিত হাম হয়েছে ২৬ রোগীর।
গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। আর হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
এদিকে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী রবিবার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা দেয়া হবে। টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।