রবিবার, মার্চ ১৫, ২০২৬
রবিবার, মার্চ ১৫, ২০২৬

মিসাইল আতঙ্ক, হরমুজ প্রণালির ভেতর আটকা বাংলাদেশি জাহাজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'এমভি বাংলার জয়যাত্রা'।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটিতে রয়েছেন ৩১ জন বাংলাদেশি নাবিক।

গত বৃহস্পতিবার (১২ মার্চ) জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিল। তবে মিসাইল (ক্ষেপণাস্ত্র) হামলার আশঙ্কায় প্রণালি অতিক্রম না করে পারস্য উপসাগরে আগের অবস্থানে ফিরে যায়।

জাহাজটি যাতে নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারে সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নিতে নৌপরিবহন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বিএসসি।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই চিঠি দেন।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকওয়েবসাইটে দেখা যায়, বিএসসি মালিকানাধীন জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের শারজা উপকূলের বহির্নোঙর এলাকায় অবস্থান করছে।

বিএসসি কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে এমভি বাংলার জয়যাত্রা থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। সে অনুযায়ী জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করে।

নাবিকদের ভাষ্য অনুযায়ী, ১২ মার্চ জাহাজটি হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে প্রায় ৬৬ নটিক্যাল মাইল দূরে পৌঁছায়। এ সময় প্রণালি এলাকায় মিসাইল হামলার খবর পান জাহাজ নাবিকেরা। পরে সংযুক্ত আরব আমিরাত কোস্টগার্ডও নিরাপত্তার কারণে প্রণালি অতিক্রম না করে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপর জাহাজটি ফিরে যায়।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজার নোঙর এলাকায় রয়েছে। যেহেতু এটি এখনো হরমুজ অঞ্চলের মধ্যেই আছে, তাই কাতার থেকে নতুন করে পণ্য বোঝাই করার পরিকল্পনা করা হয়েছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More