মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে নির্দেশ দিয়েছেন। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকি দেন তিনি। একই সময় ইসরাইলের ওপর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিন সপ্তাহের যুদ্ধের পর সামরিক অভিযান ‘ধীরে ধীরে কমিয়ে’ বা ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন– এমন ঘোষণা দেওয়ার মাত্র একদিন পরই ট্রাম্প এই আলটিমেটাম দেন। এ সময় গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। পাশাপাশি আরও হাজার হাজার মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে। সেগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে এবং সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে এই হামলা শুরু হবে। তার পোস্ট অনুযায়ী, এই সময়সীমা শেষ হবে সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪৪ মিনিটে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান কেবল সেই দেশগুলোর জাহাজের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করেছে, যারা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত। সংঘাতে জড়িত নয়– এমন দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না।
ট্রাম্পের হুমকির জবাবে ইরানের সেনাবাহিনীর বরাতে ফার্স সংবাদ সংস্থা জানায়, ইরানের ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জ্বালানি স্থাপনা এবং পানি লবণমুক্তকরণ কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানো হবে।
শনিবার ট্রাম্পের আলটিমেটামের কয়েক ঘণ্টা আগে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এতে ১০০ জনের বেশি মানুষ আহত হয়। যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা বলে মনে করা হচ্ছে।