দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর জমকালো আসর সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে এবারের আসরের সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর নতুন মুখ বিদুষী বর্ণিতা। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই শিরোপা নিজের করে নেন।
অনুষ্ঠানে বিজয়ীর পাশাপাশি ঘোষণা করা হয়েছে রানার আপদের নামও। এবারের আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।
বিগত বছরগুলোর ঐতিহ্যে কিছুটা পরিবর্তন এনে এবারই প্রথম বিজয়ীর মাথায় মুকুটের বদলে তুলে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা ট্রফি। লাক্স সুপারস্টার খেতাব জয়ের পাশাপাশি বিদুষী বর্ণিতার জন্য অপেক্ষা করছে বড় পর্দার হাতছানি। পুরস্কার হিসেবে তিনি দেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন।
এবারের গ্র্যান্ড ফিনালের আসরটি ছিল তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন ঢালিউড ও বলিউডের পরিচিত মুখ আরিফিন শুভ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
প্রতিযোগিতায় প্রধান তিন বিচারকের দায়িত্ব পালন করেছেন নির্মাতা রায়হান রাফি, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও জয়া আহসান।