জাতীয় সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় স্পিকার ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি।
মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষা ক্ষেত্রে মরহুমা দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
৭৮ বছর বয়সে মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন দিলারা হাফিজ। তার মরদেহ আগামীকাল রবিবার সন্ধ্যায় দেশে আসবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
এসএ