ফেব্রুয়ারি শুরুতে আরেক দফায় শীত বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই শীত বেশি দিন স্থায়ী হবে না।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী কয়েকদিনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই সময় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে সঙ্গে ভোরের দিকে নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।
বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে শীতের এই সাময়িক প্রভাব তৈরি হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই। শুধু বৃহস্পতিবার রাতে ও দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দিনভর শুষ্ক আবহাওয়া থাকার কথা বলা হয়েছে। তবে নদী অববাহিকার কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশা পড়তে পারে।
আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও আবহাওয়া পূর্বাভাস বলছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এদিন সারাদেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বর্ধিত পাঁচ দিনও তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আশা করা যাচ্ছে, শীতের শেষ সপ্তাহটি ঠান্ডা অনুভূতি দিয়ে গেলোও সপ্তাহ শেষ হতেই ধীরে ধীরে উষ্ণতার দিকে ফিরতে শুরু করবে দেশের আবহাওয়া।