দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ৩ দিন শিলাবৃষ্টি হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা বাড়তে পারে। সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া অফিস।
উল্লেখ্য, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়।
এসএ