গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ওই দিন বিকাল ৫টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, সরকার যদি সংসদে গণভোটের বিষয়ে সমাধান না করে, তবে শনিবারের বিক্ষোভের পাশাপাশি জনমত গঠনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া গণভোট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করবে বিরোধী দলগুলো। এরপরও দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
রাজনৈতিক সংকটের পাশাপাশি দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করে ১১ দলীয় ঐক্য। হামিদুর রহমান আযাদ বলেন, সরকার জ্বালানি তেলের সংকট নেই বলে দাবি করলেও বাস্তবে পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এছাড়া পরিবহন ব্যয় কমাতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্তকে শিক্ষার্থীদের ‘মেধাশূন্য করার পাঁয়তারা’ বলে মন্তব্য করেন তিনি।
লিয়াজোঁ কমিটির বৈঠকে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম–মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।