লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হলেও আসন্ন নির্বাচন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের ভোট হবে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। এসময় কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কোস্টগার্ডের ৪০ সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাতীয় নির্বাচনে সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে অনেক প্রার্থী ও সমর্থক তুচ্ছ কারণে সহিংসতায় জড়াচ্ছেন। তাদের আরও শান্ত থাকতে হবে।
এর আগে লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডের সদস্যদের নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন নির্দেশ দেন। হুঁশিয়ারি দেন, কোনো প্রার্থী বা দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুরুতে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিন ব্যাপী উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ১০০টি প্লাটুনের ৩৫০০ জনবল নিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর এমন প্রস্তুতি ভোটের পরিবেশকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত রাখবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।