বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরিশোধিত ডিজেলসহ রাশিয়া থেকে জ্বালানি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ছাড় (ওয়েভার) চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান বলে আজ বুধবার প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।

বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বিঘ্নের কারণে বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকটে রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ রোপণ মৌসুমের আগে। কৃষকদের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে এ ছাড় জরুরি।

এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া সীমিত বৈশ্বিক ছাড়ের সুবিধা বাংলাদেশ নিতে পারেনি, কারণ সে সময় রাশিয়ার তেলবাহী কোনো ট্যাংকার বাংলাদেশের উদ্দেশে ছিল না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল থেকে তৃতীয় দেশ হয়ে পরিশোধিত জ্বালানি আমদানির বিকল্প ব্যবস্থাও আলোচনা হয়, যাতে তাৎক্ষণিক চাহিদা পূরণ করা যায়।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করে বলেন, এ কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে কাজ করার কথা জানান। এ ছাড়া দীর্ঘমেয়াদি টেকসই জ্বালানি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানি বৃদ্ধির সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডি এম সালাহউদ্দিন মাহমুদ এবং ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More