সোমবার, মার্চ ২৩, ২০২৬
সোমবার, মার্চ ২৩, ২০২৬

রাজধানীর ফুটপাতের অবৈধ দোকান সরাতে ডিএমপির নির্দেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে পরিচালিত দোকান, শোরুম, রেস্তোরাঁ এবং ওয়ার্কশপের বর্ধিতাংশ অনতিবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

সোমবার (২৩ মার্চ) ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম দোকানের বাইরে ফুটপাত ও সড়কের ওপর সম্প্রসারণ করে পরিচালনা করছে।

বিশেষ করে রেস্টুরেন্টের রান্নার বার্নার, হাড়িপাতিল, গ্রিল বা কাবাব তৈরির সরঞ্জাম; মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ; ওয়েল্ডিং ওয়ার্কশপের খুচরা মালামাল; পোশাক ও আসবাবপত্রের দোকানের প্রদর্শন সামগ্রী ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে। এছাড়া মোটরগাড়ির ওয়ার্কশপ ও পার্টসের দোকানগুলো প্রায়ই ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গাড়ি মেরামত করছে।

এতে পথচারীদের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বাধ্য হয়ে রাস্তায় চলাচল করায় যানজটেরও সৃষ্টি হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর সকল এলাকায় এ ধরনের অবৈধ দখলদারদের অবিলম্বে ফুটপাত ও সড়ক থেকে মালামাল অপসারণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More