রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা জানাই। রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মহিমান্বিত মাসে সিয়াম, দান–সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ হয়।
ড. ইউনূস বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এ মাস ইবাদত–বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।
হিংসা, বিদ্বেষ ও বিভাজন পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পবিত্র রমজান মাস বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।