বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

যমুনা সেতু: ৪৮ ঘণ্টায় টোল আদায় ৬ কোটি ৪৪ লাখ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
যমুনা সেতু থেকে গত ৪৮ ঘণ্টায় টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহন চাপ। গত ৪৮ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০১টি যানবাহন সেতু অতিক্রম করেছে। এই সময়ে মোট টোল আদায় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে শুধু সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়।

পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টার উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ২৭ হাজার ৪৯৮টি, যা থেকে টোল এসেছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ১৯ হাজার ৪৪৫টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকাল থেকে সরকারি ছুটি শুরু হওয়ার পর মহাসড়কে যানবাহন সংখ্যা বহুগুণ বেড়ে যায়। তবে বুধবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More