পূর্বঘোষণা ছাড়াই শনিবার ভোরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।
এমন পরিস্থিতিতে সৌদি আরব উমরাহ করতে গিয়ে আটকা পড়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার–ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ফ্লাইট বাতিল হওয়ায় আরও হাজারো যাত্রীর সঙ্গে তিনি এখন জেদ্দা বিমানবন্দর অবস্থান করছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন মুশফিক।
তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’
স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।’
উল্লেখ্র, বাংলাদেশ সিভিল এভিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইরানে ইসরাইল হামলার ঘটনার পর বাহরাইন, কুয়েত, দুবাই ও কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসএ