বুধবার, মার্চ ১৮, ২০২৬
বুধবার, মার্চ ১৮, ২০২৬

মারা গেছেন অস্কারজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রিটিশ অভিনেত্রী ও সাবেক এমপি অস্কারজয়ী গ্লেন্ডা জ্যাকসন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে লন্ডনের ব্ল্যাকহেথে নিজ বাড়িতে মারা যান গ্লেন্ডা জ্যাকসন।

পর্দা ও মঞ্চ দুটিতেই সমানতালে দাপিয়ে বেড়িয়েছেন গ্লেন্ডা জ্যাকসন। মাঝে পেশা বদলে রাজনীতি করলেও পরে আবার ফিরে গেছেন অভিনয়ে।

অভিনেত্রীর মুখপাত্র লিওনেল লার্নার জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার সকালে লন্ডনের ব্ল্যাকহেথে নিজ বাড়িতে মারা যান গ্লেন্ডা জ্যাকসন। এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে তিনি দুটি অস্কার, তিনটি অ্যামি, দুটি বাফটা ও একটি টোনি অ্যাওয়ার্ড জিতেছেন।

১৯৩৬ সালের ৯ মে ইংল্যান্ডের বার্কেনহেডে জন্মগ্রহণ করা গ্লেন্ডা, ১৯৬০ থেকে ৭০ দশকের সবচেয়ে বড় ব্রিটিশ তারকাদের একজন ছিলেন।

১৯৭১ সালে ‘উইমেন ইন লাভ’এর জন্য এবং ১৯৭৪ সালে ‘আ টাচ অব ক্লাস’ ছবির জন্য পরপর দুবছর অস্কার সম্মান পেয়েছেন তিনি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে ‘কনসার্ট ইন সিমপ্যাথি’তে অংশ নিয়েছিলেন।

১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি লেবার পার্টির হয়ে নর্থ লন্ডনের এমপি হিসেবে দায়িত্বপালন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সরকারের কনিষ্ঠ পরিবহনমন্ত্রীো ছিলেন গ্লেন্ডা।

২০১৫ সালে পার্লামেন্ট ছেড়ে আবারো অভিনয়ে ফিরে আসেন গ্লেন্ডা। ২০১৬ সালে মঞ্চ নাটকে অভিনয় করে সাড়া ফেলে এবং ২০২০ সালে টিভি নাটক এলিজাবেথ ইজ মিসিংয়ে অনবদ্য অভিনয়ের জন্য তিনি বাফটা পুরস্কার জিতে নেন।

লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক টুইটে বলেন, ‘তিনি (গ্লেন্ডা জ্যাকসন) একজন শক্তিশালী রাজনীতিবিদ, একজন দুর্দান্ত অভিনেত্রী ও একজন ভালো পরামর্শদাতা ছিলেন। হ্যাম্পস্টেড ও কিলবার্ন আপনাকে স্মরণ করবে গ্লেন্ডা।’

সদ্য ‘দ্য গ্রেট এস্কেপার’ ছবির শুটিং শেষ করেছিলেন অভিনেত্রী। মাইকেল কেন ছিলেন তার সহঅভিনেতা। ছবির মুক্তি আর দেখে যাওয়া হলো না গ্লেন্ডার।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More