রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে আগামীকাল থেকে জেলা পর্যায়ে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে ‘বাজার মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বিশ্বাস, নিয়মিত মনিটরিং ও কঠোর তদারকির মাধ্যমে বিদ্যমান সব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
সালাউদ্দিন টুকু বলেন, আমরা মাত্র দায়িত্ব গ্রহণ করে যাত্রা শুরু করেছি। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। রমজান মাসে যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষ যেন স্বস্তিতে ইবাদত করতে পারে, সে বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসএ