শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬

৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১ হাজার ৪৯০ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার।

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সুপারিশের প্রায় ৭ মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ আদেশ দেয়া হলো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, নিরীক্ষা ও হিসাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্যাডারে নির্বাচিত প্রার্থীদের এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে সর্বাধিক ২৪৪ জন নিয়োগ পেয়েছেন। এ ছাড়া পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন এবং নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারেও কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এসব কর্মকর্তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করবেন।

এতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের পদায়ন করা কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরিতে যোগদানে অসম্মত বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ, অসত্য বা ভিন্নরূপ কোনো তথ্য পাওয়া গেলে সে ক্ষেত্রে নিয়োগ আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জুন ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More