যুক্তরাষ্ট্রের হামলায় দেশের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান কোনোভাবেই বিশ্বকাপে খেলবে না।
বুধবার (১১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি জানান, দুর্নীতিগ্রস্ত রেজিম আমাদের নেতাকে হত্যা করেছে–এ কথা বিবেচনা করলে কোনো অবস্থাতেই বিশ্বকাপে অংশ নিতে পারবো না।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। বিশ্বআসরে ইরানের পুরুষ দল মিশর, বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে জি‘গ্রুপে তিনটি গ্রুপ ম্যাচ খেলার কথা রয়েছে। সবগুলোই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নিবে বলে আশা করছে ফিফা‘র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।