ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রীসহ আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদির। এর কারণ হিসেবে বলা হয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে।
ওইদিন মোদির সঙ্গে বৈঠকের পর ম্যাক্রোঁ নয়াদিল্লিতে এআই ইমপেক্ট সম্মেলনে অংশ নেবেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্রোঁ ভারতে অবস্থান করে নিজ দেশে ফিরবেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মোদির পরিবর্তে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থ কেউ অংশ নেবেন। ভারতের ভাইস–প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রীর তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী। মোদি উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।