ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বাংলাদেশী পণ্যের নতুন বৈশ্বিক বাজার খুঁজতে, উপায় বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মার্চ) সকালে গণভবনে রপ্তানি বিষয়ক ১১তম বৈঠকে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিশ্লেষণ করে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে পদেক্ষপ নেয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার ওপর জোর দেন সরকার প্রধান।
স্থানীয় বাজারকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি এসব পণ্যের জন্য নতুন নতুন বাজার খুঁজতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে চাহিদা বাড়ায় বাংলাদেশি পণ্যের জন্যে নতুন বাজার খোঁজার সুযোগ বিশ্বব্যাপী তৈরি হয়েছে। আমাদেরকে এসব বাজার ধরতে হবে।’
এ ছাড়া প্রধানমন্ত্রী ২০২৪ সাল নাগাদ মেয়াদ শেষ হতে যাওয়া বিদ্যমান রপ্তানি নীতিমালার সংশোধন, পরিবর্তন ও উন্নয়ন করে আরও চার কিংবা পাঁচ বছরের জন্য নতুন রপ্তানি নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানান।
তিনি বলেন, চলমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধের নিষেধাজ্ঞা ও পালটা নিষেধাজ্ঞা এবং ২০২৬ সালের মধ্যে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশে যেসব চ্যালেঞ্জ ও সুযোগ তৈরি হতে পারে– তা বিশ্লেষণ করে নতুন রপ্তানি নীতি গ্রহণ করা উচিত।
এফএম/দীপ্ত সংবাদ