বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে শুক্রবার দেশটির ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট লুট করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সি–১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের একটি সড়কে গিয়ে আছড়ে পড়ে।
বিমানটি সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি এবং কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।
বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।