মধ্যপ্রাচ্যে উত্তেজনা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার (৭ মার্চ) পর্যন্ত ৮ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য নিশ্চিত করেছে।
বেবিচক তথ্য অনুযায়ী, শনিবার (৭ মার্চ) ঢাকা থেকে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইনসের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।
এর প্রভাবে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি উড়োজাহাজের চলাচল বাতিল করা হয়েছিল। পরদিন, ১ মার্চ বাতিল হয় ৪০টির। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি এবং ৬ মার্চ ৩৪টি ফ্লাইট চলাচল বাতিল হয়।
এসএ