ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তার প্রথম বগুড়া সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.) মাজার প্রাঙ্গণে নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, সরকারের ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচি অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হবে বগুড়া থেকেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর।
তিনি আরও বলেন, সফর ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
‘ফ্যামিলি কার্ড‘-এর প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
এসএ