ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (কেন্দ্র নং–৫১) এ ঘটনা ঘটে।
মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে। তিনি পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।
ভোটকেন্দ্র সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার মুজাহিদুল ইসলাম। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে নিয়োজিত অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন জানান,
হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসক ধারণা করছেন, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হয়েছে।
এসএ