পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে স্থানীয়দের গণপিটুনিতে কবির মৃধা নামে এক পেশাদার সিঁদেল চোরের মৃত্যু হয়েছে। এ সময় চোরের হামলায় আহত হয়েছে ঘরের মালিক পনির ও তার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) মধ্যরাত ৩ টার দিকে কবির মধ্য বাদুরা গ্রামের পনির মৃধার বাড়িতে চুরি করতে তার ঘরে ঢোকে। এ সময় ঘরের লোকজন সজাগ হলে তাকে ধরে ফেলে। চোরের সাথে ধস্তাধস্তির সময় চোর তাদের আহত করে। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে এলাকাবাসীর গণ পিটুনীতে কবির গুরুতর আহত হয়।
স্থানীয় দফাদার ও ইউপি মেম্বার কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে আসে। এ সময় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে আহত ঘর মালিক পনির ও তার স্ত্রী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ব্যাপারে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, কবির একজন পেশাদার সিঁদেল চোর। ঘটনাস্থল থেকে পুলিশ চুরিতে ব্যবহৃত শাবল, ছুরিসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। তার বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় একাধিক সিঁদেল চুরির মামলা আছে।
যূথী/দীপ্ত সংবাদ